প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। সোমবার, ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘মিঠুন দার অসাধারণ সিনেমাটিক যাত্রা প্রতিটি প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। সিলেকশন জুরি তাঁর প্রতি সম্মান জানিয়ে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে।’
নাম ঘোষণার পর মিঠুন চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘আমি কখনো ভাবিনি যে ফুটপাথের একটি ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি এবং মুম্বাইয়ের ফুটপাথে থেকেছি। কখনও কল্পনাও করিনি যে এত বড় সম্মান পাব। আমি বিশ্বাস করতে পারছি না—আমার হাসতেও ইচ্ছা করছে না, কাঁদতেও ইচ্ছা করছে না। এই পুরস্কার পেয়ে আমি বাকরুদ্ধ। আমি এই সম্মান আমার পরিবার এবং বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্তদের উৎসর্গ করছি।’
মিঠুন আরও বলেন, ‘আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই যারা আর্থিকভাবে শক্তিশালী নয়—আমি যদি এখানে পৌঁছতে পারি, তাহলে আপনাদেরও সম্ভব।’ বাংলা ও হিন্দি মিলিয়ে মিঠুন ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক হয়। এর আগে তিনি ভারতের জাতীয় পুরস্কার এবং পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন।
.png)

If you have any doubts, please late me know.